বর্ণাঢ্য আয়োজনে যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৮:২৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ২০ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যশোর টাউন হল ময়দানে আয়োজিত এ সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন। বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এবং যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
সমাবেশে আরও বক্তব্য দেন যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফ হোসেন, মোস্তফা আমির ফয়সাল, কামরুজ্জামান বাপ্পী, কবির হোসেন বাবু, আশরাফুল কবির সুমন, আরিফুল ইসলাম আরিফ, বাকিউজ্জামান রানা, রবিউল ইসলাম রবি ও তানভীর রায়হান তুহিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম নয়ন বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। এই অর্জনে আত্মতুষ্টিতে না ভুগে নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, বিএনপিতে কোনো অপরাধীর আশ্রয় হবে না। জনগণের পক্ষে কাজ করে তাদের আস্থা অর্জন করতে হবে। দলীয় পরিচয়ে কেউ অপরাধে জড়ালে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।
নূরুল ইসলাম নয়ন আরও বলেন, সরকারকে সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। যারা পরিকল্পিতভাবে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, তাদের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে প্রতিহত করতে হবে।
তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে বক্তারা সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।




















