খুলনায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ২০ বার পঠিত

খুলনা সদর থানার চাঞ্চল্যকর তাওহিদুল ইসলাম তুষার হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন আসামি ও বি কোম্পানির সক্রিয় সদস্য আরিফ খানকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে খুলনা সদর থানাধীন উত্তর টুটপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফ খান (১), পিতা বেলাল খান। তার বাড়ি খুলনা সদর থানার টুটপাড়া এলাকার ফরিদ মোল্লার মোড়ে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর তাওহিদুল ইসলাম তুষার মোটরসাইকেলে খুলনা সদর থানাধীন পূর্ব বানিয়াখামার এলাকার বিকে মেইন রোড থেকে মিস্ত্রিপাড়া বাজারগামী আনসার উদ্দিন সড়কে যাচ্ছিলেন।
পথে আমিনুল ইসলাম অটোরিকশা গ্যারেজের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তুষারের বুকের বাঁ পাঁজরের বগলের নিচে গুলি লাগে। গুরুতর রক্তাক্ত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় খুলনা সদর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলম খান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ১৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনাস্থল থেকে গুলির কার্তুজের অংশবিশেষ উদ্ধার হওয়ায় অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়।
এসআরবি-৬ স্পেশাল কোম্পানি জানিয়েছে, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।























