মান্দায় কোটি টাকার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন
- আপডেট সময় : ০৫:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / ৫৬ বার পঠিত

নওগাঁর মান্দা উপজেলার ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়নে ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে প্রসাদপুর ইউনিয়নের কলেজ মোড় থেকে সামান হাজীর বাড়ি পর্যন্ত সড়কের পাকাকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেসুর রহমান মকে, উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি লায়লা বারী, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামানিক এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জুয়েল রানা, জাহাঙ্গীর আলম ও তালহা জুবায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি পাকাকরণের দাবি ছিল। নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি কৃষি উৎপাদন, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন গতি সঞ্চার হবে বলে তারা আশা করছেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
























