চিতলমারীতে নবম শ্রেণির ছাত্র নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার
- আপডেট সময় : ০৮:১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ৮ বার পঠিত

বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল নবম শ্রেণির শিক্ষার্থী প্রিতম মন্ডল (১৬)। কিন্তু এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে।
সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। এ ঘটনায় চিতলমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পরিবারের সদস্যরা। নিখোঁজ প্রিতম মন্ডল চিতলমারী সরকারি এস এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় প্রিতম। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফেরেনি। পরিচিতজনদের কাছে খোঁজ নেওয়াসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।
প্রিতম পরিবারের একমাত্র সন্তান। তাকে ফিরে পেতে স্বজনেরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সন্তানের কোনো সন্ধান না পেয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। প্রিতমের সন্ধান পেতে স্থানীয় বাসিন্দা, সহপাঠী, শিক্ষকসহ সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার সময় প্রিতমের পরনে ছিল সাদা ফুলহাতা চেক শার্ট, কালো প্যান্ট ও কালো স্যান্ডেল। তার নাকের নিচে, মুখের ডান পাশে একটি কালো তিল রয়েছে। এ ছাড়া তার গলায় তুলসীর মালা ছিল।
কেউ প্রিতমকে দেখে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে তার বাবা মোবাইল নম্বর ০১৭১১৯৭৭৩৬৯-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।
একমাত্র সন্তানকে ফিরে পাওয়ার আশায় প্রতিটি মুহূর্ত কাটছে স্বজনদের। প্রিতমের নিরাপদ সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

























