যশোরে এনসিপির আনন্দ মিছিল
- আপডেট সময় : ১০:৫৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যশোর জেলা শাখার নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শহরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে শহরের বকুলতলাস্থ ‘জুলাই চত্বর’ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি দড়াটানা ও শহরের গুরুত্বপূর্ণ চৌরাস্তা প্রদক্ষিণ করে যশোর প্রেসক্লাবের দিকে এগিয়ে যায়। পরে সিভিল কোর্ট মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এ সময় নেতাকর্মীরা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে এবং দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদিত নতুন কমিটিতে নূরজ্জামানকে যশোর জেলা এনসিপির আহ্বায়ক এবং ড. শহীদুল ইসলাম জাবিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। মনিরুজ্জামান (আজাদ) সদস্যসচিব এবং ইঞ্জি. আরিফ জামান সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন শাহজাহান কবীর, আসাদুজ্জামান বাবুল, সোহেল রানা বাবু, বোরহান উদ্দিন, আবুল কাসেম, সোহানুর রহমান শাহীন, আব্দুল আলীম, আলী সোহেব, ইউসুফ আলী রিপন, আব্দুল্লাহ আল নাদিম ও জায়া জাকির। যুগ্ম সদস্যসচিব পদে মনোনীত হয়েছেন সাজিদ সারোয়ার, ফরহাদ হোসেন, মারুফ হাসান শুভ্র ও আসমা খাতুন।
কেন্দ্রীয় অনুমোদনপত্রে বলা হয়েছে, নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে জমা দেবে। গত ৯ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনের মাধ্যমে যশোর জেলা এনসিপির নতুন সাংগঠনিক যাত্রা শুরু হয়।
সমাবেশে দলীয় নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটি অনুমোদনের মাধ্যমে যশোরে এনসিপির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী ও গতিশীল হবে। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করে জনগণের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তাঁরা।






















