যশোর-বেনাপোল মহাসড়কে কোটি টাকার স্বর্ণসহ আটক ১
- আপডেট সময় : ১০:৩৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১২ বার পঠিত

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ মো. ফারুক (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করে। আটক ফারুক কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফারুককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা। এছাড়া তার কাছ থেকে ৩৫ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন এবং নগদ এক হাজার ৬৫৫ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ, মোবাইল ফোন ও নগদ অর্থসহ জব্দ করা আলামতের মোট মূল্য ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক বিজিবিকে জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বহন করছিলেন।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্তে স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে উদ্ধারকৃত আলামতসহ যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।























