রাঙামাটিতে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১০
- আপডেট সময় : ০৭:১৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৭ বার পঠিত

রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজন মাদক কারবারি, চারজন মাদকসেবী ও একটি মামলার পলাতক আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার পাঁচজন হলেন সুকুমার দাশ (৪০), আব্দুল মান্নান (৪৫), খোকন মিয়া (৩৫), সুরুজ মিয়া (৪৪) ও মতিউর রহমান (২৯)।
মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মো. রাকিবুল হাসান (১৯), আশরাফুল ইসলাম (১৯), রাব্বি (১৯) ও আব্দুল্লাহ আল লতিফকে (১৮)। এ ছাড়া পূর্বের একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বাবু বড়ুয়া (৪০)কেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
কোতোয়ালি থানা-পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।





















