শার্শায় ডিবি’র অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
- আপডেট সময় : ০৮:৫৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ৭১ বার পঠিত

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শার্শা থানার সাড়াতলা বাজার থেকে ফুলসরগামী সড়কের একটি ব্রিজের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মো. সামিউল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম ওরফে শফি (৪০) এবং জুয়েল হোসেন (২৫)কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোট ৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে প্রত্যেকের কাছ থেকে ৪০ পিস করে ইয়াবা জব্দ করা হয়।
আটক শফিকুল ইসলাম শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মৃত শাহিনুর রহমানের ছেলে। অপর আটক জুয়েল হোসেন একই উপজেলার সালতা গ্রামের আকবর আলীর ছেলে।
ডিবি পুলিশ জানিয়েছে, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


























