শার্শায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক
- আপডেট সময় : ১০:১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ২৫ বার পঠিত

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার সামটা পূর্বপাড়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হকের নেতৃত্বে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরহাদের সমন্বয়ে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। আটক নজরুল ইসলাম ওই গ্রামের মৃত হারান মোড়ল ওরফে হারান মণ্ডলের ছেলে। তার মায়ের নাম আয়েশা খাতুন।
পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুত বিচার ট্রাইব্যুনালের একটি মামলায় (মামলা নম্বর-১২৮২/২০২০) আদালত নজরুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালতের রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক আসামিকে যশোর আদালতে সোপোর্দ করা হয়েছে।

























