শার্শায় ১২ কেজি গাঁজা উদ্ধার
- আপডেট সময় : ০৮:০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ৪৩ বার পঠিত

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যান মাদক কারবারিরা। শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল শিকারপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় শিকারপুর কমিউনিটি ক্লিনিকের পেছনে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি একটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে পুলিশ বস্তাটি তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে শার্শা থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


























