সৌদিতে মৃত্যুদণ্ডে নিহত নজরুলের পরিবারের পাশে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম
- আপডেট সময় : ০২:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ২৪ বার পঠিত

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের প্রবাসী নজরুল ইসলামের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
সোমবার (৯ নভেম্বর) তিনি নজরুল ইসলামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। এ সময় তিনি শোকাহত মা-বাবাসহ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে মুহ্যমান মা-বাবাকে ধৈর্য ধারণের আহ্বান জানানোর পাশাপাশি ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
নজরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের আবদুল বাছির ও রহিমা বেগমের ছেলে। জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি। সেখানে একটি ঘটনায় তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হয়। সন্তানের এমন মর্মান্তিক পরিণতিতে পরিবারটি শোকের পাশাপাশি আর্থিক অনিশ্চয়তার মুখে পড়ে।
সিরাজুল ইসলাম সিরাজ বলেন, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো নৈতিক ও সামাজিক দায়িত্ব। একটি পরিবার যখন এমন অপূরণীয় ক্ষতির মুখে পড়ে, তখন তাদের পাশে দাঁড়ানো সবার কর্তব্য। পরিবারটি যেন নিজেদের অসহায় মনে না করে, সে জন্য জেলা পরিষদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁদের পরিবার কোনো সংকটে পড়লে সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসা উচিত।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি নিয়াজুল করিমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, এর আগে গত ২৫ অক্টোবর সিরাজুল ইসলাম সিরাজ নজরুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দুর্দশার কথা শোনেন এবং সহযোগিতার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় সোমবার তিনি নিজে উপস্থিত হয়ে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।
এ সময় পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য জেলা পরিষদ প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
























