যশোরের কালীবাজারের মণ্ডপে আগুনের ছবি ভারতের ঘটনা
- আপডেট সময় : ০১:২০:২০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ২৬ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের একটি শ্যামাপূজা মণ্ডপে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের ঘটনা বলে প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি যশোরের নয়; ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কালীবাজারের একটি শ্যামাপূজা মণ্ডপে অগ্নিকাণ্ডের।
যশোর জেলা পুলিশের দেওয়া তথ্যমতে, কালীপূজার আগের দিন মণ্ডপ উদ্বোধনের আগেই এ অগ্নিকাণ্ড ঘটে। মণ্ডপে বৈদ্যুতিক কাজ চলার সময় শর্টসার্কিট থেকে কাপড়ে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই পুরো মণ্ডপটি পুড়ে ছাই হয়ে যায় বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে ‘জঙ্গিরা আগুন দিয়েছে’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে দাবি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ছবির ব্যানারে লেখা ‘JASORA KALIBAZAR’ বানান এবং মণ্ডপের নকশার সঙ্গেও যশোরের কালীবাজারের কোনো মিল নেই।
জেলা পুলিশ জানায়, ভারতের ঘটনার ছবি যশোরের ঘটনা হিসেবে প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ ধরনের অপপ্রচার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উসকানি সৃষ্টি করতে পারে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো ছবি বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।























