যশোর সীমান্তে ১২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
- আপডেট সময় : ০৬:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ২৬ বার পঠিত

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ৩ বোতল বিদেশি মদ, ১ হাজার ৯৭০ পিস ভারতীয় ইয়াবা, ২টি মোবাইল ফোন, নগদ ৩৯০ টাকা, ১৮টি শাড়ি, ১১টি কম্বল, আধা কেজি জিরা, দেড় কেজি কিশমিশ, ১২০টি চকলেট, ১৪০ প্যাকেট পাতার বিড়ি এবং ১ হাজার ৪৩৯টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
এ সময় আটক ব্যক্তির নাম রবিউল আলম (২৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী গ্রামের জাফর আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

























