যশোর সীমান্তে নেশাজাতীয় সিরাপসহ ভারতীয় চোরাচালানি পণ্য আটক
- আপডেট সময় : ০৫:৫৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ২০ বার পঠিত

যশোর সীমান্তে বিজিবি ও এসআরবি-৩-এর যৌথ অভিযানে ১৪৭ বোতল নেশাজাতীয় সিরাপ আটক করা হয়েছে। একই দিনে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১১ লাখ ৯ হাজার ৯০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও এসআরবি-৩-এর যৌথ আভিযানিক দল আন্দুলিয়া সীমান্তের বর্ণি চার রাস্তার মোড়ে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৪৭ বোতল Codeine Phosphate & Triprodine Hydrochloride Syrup (নেশাজাতীয় সিরাপ) আটক করা হয়।
অন্যদিকে, বেনাপোল আইসিপিতে দায়িত্বরত বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৬৪টি শাড়ি, ২টি থ্রিপিস, ৭টি কম্বল, ১০টি চাদর, ৩ কেজি জিরা, ৩০ প্যাকেট ফুচকা, ৫ কেজি কিসমিস, ৪২০টি চকলেট ও ৭৩৭টি কসমেটিকস সামগ্রী জব্দ করেন। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৯ হাজার ৯০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

























