উপশহরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- আপডেট সময় : ০৬:৪৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ৬৯ বার পঠিত

যশোর সদর উপজেলার উপশহরে উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শক সমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘তরিকুল ইসলাম স্মৃতি একদিনের ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা। উত্তেজনাপূর্ণ ফাইনালে ২-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে উপশহর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক তরফদার মোহাম্মদ ওয়াহিদুলের দল। রানার্সআপ হয়েছে একই ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি তানভীন আলম সাদের দল।
শুক্রবার (১৩ নভেম্বর) উপশহর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। সকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় দিনভর চলে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ। পরে বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ফাইনাল। এতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ওয়াহিদুলের দল।
টুর্নামেন্টের উদ্বোধন করেন উপশহর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাইদুর রহমান সোহেল। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপশহর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবক এবং ২ নম্বর ওয়ার্ডের (বি-ব্লক) মেম্বার পদপ্রার্থী বিল্লাল হোসেন রুবেল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিল্লাল হোসেন রুবেল বলেন, ‘খেলায় শক্তি, খেলাই বল, মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে তরুণ ও যুবসমাজকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে হবে। আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাদক, অনলাইন জুয়া ও মোবাইল গেমের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এলাকায় নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শেখ রাহাত রহমান, সহসভাপতি তানভীন আলম সাদ, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম অর্ক, ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজালাল রনি, ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি কুয়াশা এবং টুর্নামেন্ট আয়োজনের আহ্বায়ক শেখ আহাদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমীরা।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
























