চিনাটোলায় আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৮:৩০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ২৩ বার পঠিত

যশোরের মনিরামপুর উপজেলার চিনাটোলা বাজারে আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটে চিনাটোলা বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চিনাটোলা বাজারের বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ফকিররাস্তা বাজার প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন, আলহাজ্ব রফিকুল ইসলাম, আনিচুর রহমান লিটন ও হাফিজুর রহমান হাফিজসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন বলেন, আমরা আওয়ামী লীগকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা রাজপথে আসার চেষ্টা করবেন না। আপনাদের পিঠের চামড়া থাকবে না। ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন সব সময় বিএনপির ঘাঁটি।
এ সময় বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তাঁরা।
























