মাদক ও গ্যাং দৌরাত্ম্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
- আপডেট সময় : ০৯:২৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ৬৭ বার পঠিত

নোয়াখালীতে মাদক, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই নোয়াখালী পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সাবেক সভাপতি গোলাম হায়দার, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমানসহ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, সম্প্রতি নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি একটি নিষিদ্ধ সংগঠন জেলার বিভিন্ন স্থানে রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাচ্ছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।
তারা এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।























