এলাকায় উত্তেজনা
খুলনায় প্রকাশ্যে গুলি করে বিএনপিকর্মী হত্যা
- আপডেট সময় : ০৫:৫৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / ১০৮ বার পঠিত

খুলনা মহানগরীর দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গা কাজীপাড়া এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে বিএনপিকর্মী গাজী রফিক ওরফে ঢাকাইয়া রফিককে। তিনি বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য এবং স্থানীয় রতন গাজীর ছেলে। ঘটনাটি ঘটে শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে লবণচরা থানাধীন মাথাভাঙ্গা এলাকার কাজীপাড়া বাজারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রফিক নিজ বাড়ির পাশে একটি দোকানে বসে ছিলেন। এ সময় হেলমেট পরা এক যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে রফিক ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে আশপাশের দোকানপাট বন্ধ থাকায় এবং স্থানীয়দের অনাগ্রহের কারণে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

























