সাংবাদিক জামাল হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:২৪:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ৩০ বার পঠিত

যশোরের শার্শায় আলোচিত সাংবাদিক জামাল উদ্দিন হত্যা মামলাসহ ১৮টি মামলার আসামি মো. উকিল মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
উকিল মল্লিক শার্শার কাশিপুর গ্রামের মৃত শমসের মল্লিকের ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে দুটি হত্যা, একটি গণধর্ষণ, একটি মানব পাচার, একটি অস্ত্র আইনের মামলা এবং বিশেষ ক্ষমতা আইনে তিনটিসহ মোট ১৮টি মামলা রয়েছে।
শার্শা থানা-পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার এসআই মো. শরিফুল ইসলাম, এএসআই মো. নজিবুল্লাহ ও এএসআই মো. আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালায়। এ সময় আদালতের পরোয়ানাভুক্ত উকিল মল্লিকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন মো. আব্দুল কাদের (২০)। তিনি নাভারণ রেলবাজার এলাকার সালাম গাজীর পালিত সন্তান। গত ২ জুলাই শার্শা থানায় করা একটি মামলায় তাঁর বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল। তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রেকর্ডপত্র ও পুলিশের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনা করে উকিল মল্লিকের বিরুদ্ধে ১৮টি মামলার তথ্য পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার তথ্যও যাচাই করা হচ্ছে।
পুলিশ ও মামলা-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৫ জুন রাত ১১টার দিকে শার্শার কাশিপুর বাজারের একটি চায়ের দোকান থেকে সাংবাদিক জামাল উদ্দিনকে জোর করে তুলে নিয়ে যায় স্থানীয় মাদকচক্রের প্রধান তোতা মিয়া ও তাঁর সহযোগীরা।
মামলার অভিযোগ অনুযায়ী, পরে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে জামাল উদ্দিনের পায়ের রগ কেটে, চোখ উপড়ে এবং কুপিয়ে তাঁকে হত্যা করা হয়। চোরাচালানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও এ-সংক্রান্ত অভিযোগের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় জামাল উদ্দিনের বাবা বাদী হয়ে সাতজনকে আসামি করে শার্শা থানায় হত্যা মামলা করেন। ওই মামলার আসামিদের মধ্যে উকিল মল্লিকও রয়েছেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বলেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল। পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে শনিবার (২২ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। উকিল মল্লিকের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
























