যশোরে শিশু খাদ্যপণ্য ডিলারকে এক লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ১০:৫৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ৩৭ বার পঠিত

যশোর সদর উপজেলার পুলেরহাট বাজারে অভিযান চালিয়ে তানসীপ ট্রেডার্স নামের একটি শিশু খাদ্যপণ্য ডিলার প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৪ আগস্ট) পুলেরহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, তানসীপ ট্রেডার্সে পণ্যের যথাযথ মোড়ক ও লেবেল ব্যবহার না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ না করে খাদ্যপণ্য উৎপাদনের অনিয়ম ধরা পড়ে। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পণ্যের মোড়কসংক্রান্ত অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩৭ ধারায় ২৫ হাজার টাকা এবং খাদ্যপণ্য উৎপাদনে অনিয়মের কারণে ৫১ ধারায় আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি ধারায় মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবসায়ীদের পণ্যে সঠিক মোড়ক ও লেবেল ব্যবহার, মেয়াদ যাচাই করে পণ্য বিক্রি এবং খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে অনুমোদিত বিধিবিধান অনুসরণের নির্দেশনা দেন।

























