
পেশাগত দায়িত্ব পালনকালে ধারণ করা একটি ভিডিও প্রকাশের জেরে যশোরে এক সাংবাদিককে ভিডিও মুছে ফেলার চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে যশোর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মো. তারিক হাসান (বিপুল)।
জিডি সূত্রে জানা যায়, গত ৫ জুন রাতে যশোর শহরের দড়াটানা এলাকায় একটি রিকশা ও প্রাইভেটকার চালকের মধ্যে সংঘর্ষের ঘটনা তিনি ভিডিও ধারণ করে গণমাধ্যমে প্রকাশ করেন। পরদিন ৬ জুন বিকেল আনুমানিক ৫টা ৩৬ মিনিটে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মোবাইল ফোনে যোগাযোগ করে প্রকাশিত ভিডিওটি মুছে ফেলার জন্য চাপ প্রয়োগ করে বলে অভিযোগ করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, ভিডিও অপসারণে আপত্তি জানালে ওই ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভিডিও ডিলিট না করলে বড় ধরনের ক্ষতি ও প্রাণনাশের হুমকি দেন। এতে তিনি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেছেন।
সাংবাদিক তারিক হাসান (বিপুল) বলেন, “পেশাগত দায়িত্ব পালন করে প্রকাশিত একটি সংবাদ বা ভিডিও নিয়ে এ ধরনের হুমকি শুধু একজন সাংবাদিকের নিরাপত্তার জন্যই নয়, সংবাদ সংগ্রহ ও প্রকাশের স্বাধীনতার জন্যও হুমকিস্বরূপ।”
তিনি আরও জানান, নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনগত প্রতিকার পাওয়ার স্বার্থে যশোর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালী থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) নম্বর ৫৩৯। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যাশা করেছেন তিনি।























