শিশু মুসলিমা হত্যার বিচার দাবিতে মোল্লাহাটে মানববন্ধন
- আপডেট সময় : ০৪:১৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ৪২ বার পঠিত

বাগেরহাটের মোল্লাহাটে ছয় বছরের শিশু মুসলিমা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত এবং সমাজে শিশু নির্যাতন ও হত্যার মতো নৃশংস ঘটনা বন্ধের দাবি জানানো হয়।
“শিশুর হাসি বাঁচাতে, সমাজকে করতে হবে জাগ্রত” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন বয়সী মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা “শিশু হত্যা বন্ধ করো”, “অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাই”, “শিশুদের নিরাপত্তা নিশ্চিত করো” এবং “নিরাপদ সমাজ গড়ে তোলো” এমন বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, একটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া পুরো সমাজের জন্য উদ্বেগের বিষয়। শিশু মুসলিমার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা শুধু পরিবারের দায়িত্ব নয়; এ জন্য পরিবার, সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন ও হত্যার মতো ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
মানববন্ধন থেকে বক্তারা শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা এবং শিশু মুসলিমা হত্যার ঘটনায় দ্রুত ও সুষ্ঠু বিচার সম্পন্ন করার জোর দাবি জানান। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ ও দাবি তুলে ধরেন।














