যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে যশোরে আনন্দ মিছিল
- আপডেট সময় : ০৯:২৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১০৭ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন ও স্বাগত জানিয়ে যশোরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। রবিবার (৭ জুন) বিকেল ৫টায় যশোর লালদীঘির পাড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন। বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, আরিফ হোসেন এবং যশোর নগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি। সমাবেশ পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল।
বক্তারা বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে নুরুল ইসলাম নয়ন মনোনীত হওয়ায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তারা নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ সময় যশোর জেলার পাঁচজন নেতাকে কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেন বক্তারা। নবগঠিত কমিটিতে এম তমাল আহমেদ যুগ্ম সম্পাদক, নুরে আলম সিদ্দিকী সোহাগ আইন বিষয়ক সম্পাদক, মাজেদুল ইসলাম রুমন পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক, মহিউদ্দিন রাজু গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং ডা. মাহমুদুল হাসান খান সুমন সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় তাদের অভিনন্দন জানানো হয়।
সমাবেশ শেষে জেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আর.এন. রোডস্থ ঢাকা ব্যাংক এলাকার সামনে গিয়ে শেষ হয়। মিছিলে যশোর জেলা ও নগর যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।




















