যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা
- আপডেট সময় : ০৮:০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ২৩ বার পঠিত

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পৌরপার্ক এলাকায় তির্যক যশোরের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হোসেন আলী। প্রধান আলোচক ছিলেন কবি ও ছড়াকার রাশিদা আখতার লিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, কবি শেখ মাফিজুল ইসলাম ও ড. মোয়াজ্জেমা আখতার।
ডা. মোকাররম হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন কবি দীপংকর দাস রতন, রবিউল হাসান, ডা. বদরুন নাহার খান, এম এন এস তুর্কী, এম এ কাশেম অমিয়, নজিবুর রহমান, মুজিবুর রহমান, কুতুব উদ্দিন বিশ্বাস, রকি মাহমুদ, এফ এম মোমিন যশোরী ও ভদ্রাবতী বিশ্বাসসহ অন্যরা।
অনুষ্ঠানের একপর্যায়ে কবি বদরুন নাহার খানের প্রয়াত স্বামীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা এ কে এম শহীদুল্লাহ। এ ছাড়া কবি রকি মাহমুদের জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যশোরের মাসিক সাহিত্য সভা প্রতি ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার সকাল ১০টায় পৌরপার্কে অবস্থিত তির্যক যশোরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছে।























