উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু
- আপডেট সময় : ০৭:৩৯:১০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ২৭ বার পঠিত

যশোর জেলা বিএনপির কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল প্রকল্পের উদ্বোধন করেন। জেলা বিএনপির নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের ব্যয় আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি অনুসরণ করে প্রথমবারের মতো দেশের কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছে। অন্য কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে এ ধরনের ব্যবস্থা চালু হয়েছে কি না, তা তাঁর জানা নেই। যশোর জেলা বিএনপির এ উদ্যোগ দেখে অন্যান্য রাজনৈতিক দলও নিজেদের কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করতে আগ্রহী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে জেলা বিএনপির কার্যালয়ে ২ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে ছাদে আরও একটি প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎ সংরক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে লিথিয়াম ব্যাটারি, যা প্রায় তিন ঘণ্টা ব্যাকআপ দিতে পারবে। এ ছাড়া উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনাও রয়েছে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আগামী গ্রীষ্মের আগে সৌরবিদ্যুৎ থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন নীতিগত সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ খাতে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যশোরসহ দক্ষিণাঞ্চলের সেচ পাম্পগুলো সৌরবিদ্যুৎ ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এতে ডিজেল ও প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি কৃষকের উৎপাদন ব্যয় কমানো সম্ভব হবে।
জেলা বিএনপির কার্যালয়ে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, কার্যালয়ের বিদ্যুতের চাহিদা মেটাতে স্থাপিত প্যানেল যথেষ্ট। নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের ব্যয় তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ দলীয় নেতাকর্মীরা।























