আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
- আপডেট সময় : ১০:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ১৩ বার পঠিত

বগুড়ার আদমদীঘিতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম প্রধান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিন আলম, আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা শাহরিয়া সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, ফায়ার সার্ভিসের লিডার এ কে এম রেজাউল করিম এবং সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল গফুর।
এ ছাড়া নসরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা রশিদুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবীর উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা ও সার্বিক ব্যবস্থাপনা যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এ সময় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, দায়িত্ব বণ্টন এবং কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আগামী ৭ নভেম্বর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।
























