নতুন কুঁড়ির দ্বিতীয় আসরে ১০ ইভেন্ট, নিবন্ধন ১৬ লাখ ২৩ হাজার
- আপডেট সময় : ০৯:০০:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ৭ বার পঠিত

‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের দ্বিতীয় আসরে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছেন প্রায় ১৬ লাখ ২৩ হাজার প্রতিযোগী। প্রথম আসরে যেখানে নিবন্ধনের সংখ্যা ছিল মাত্র ১ লাখ ৬৮ হাজার, সেখানে দ্বিতীয় আসরে নিবন্ধন বেড়েছে প্রায় ১০ গুণ। এবারের আয়োজনে থাকছে ১০টি ইভেন্ট।
বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস (সিজন-২) উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, ‘নতুন কুঁড়ি’ আয়োজনের মাধ্যমে ভবিষ্যতে তরুণদের ক্রীড়াকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ তৈরি হবে। তরুণ প্রজন্মকে সঠিকভাবে পরিচালনা করতে পারলে তারাই বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা বাড়াতে সক্ষম হবে।
তিনি বলেন, নতুন কুঁড়ির উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রথমবারের মতো খুলনা সফরকে কেন্দ্র করে এ অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে খুলনায়ও উন্নয়নের নতুন ধারা সূচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
খুলনার শিল্পায়ন প্রসঙ্গে হুইপ বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বন্ধ কলকারখানা চালুর মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নিয়েছেন। খুলনাঞ্চলে শিল্পায়ন, গ্যাস ও বিদ্যুৎ খাতের উন্নয়নেও পদক্ষেপ নেওয়া হয়েছে। মোংলা বন্দরের উন্নয়নের সঙ্গে খুলনার অর্থনৈতিক অগ্রগতি জড়িত। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্দরটির উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। একসময় খুলনা ‘স্পোর্টস সিটি’ হিসেবে পরিচিত ছিল উল্লেখ করে তিনি সেই ঐতিহ্য ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহফুজুল আলম খান জানান, ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে প্রায় ১৬ লাখ ২৩ হাজার অনলাইন নিবন্ধন সম্পন্ন হয়েছে। প্রথম আসরের তুলনায় এবার অংশগ্রহণের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তিনি আরও বলেন, স্কুল-কলেজের মাঠের পাশাপাশি দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছরই এক হাজার ইউনিয়নে এ উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা চলছে। এ ছাড়া চলতি অর্থবছরে খুলনা বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়নকাজ শুরুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। খুলনা জেলা স্টেডিয়ামের অবশিষ্ট অংশে গ্যালারি নির্মাণেরও উদ্যোগ নেওয়া হবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এর আগে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহফুজুল আলম খান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, কেডিএ চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।






















