কালিয়ায় সোহেল-শাহিন হত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
- আপডেট সময় : ১০:০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ৪২ বার পঠিত

নড়াইলের কালিয়ায় নিহত বিএনপি নেতা সোহেল ও শাহিনের স্মরণে শোকর্যালি, হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি। রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় কালিয়া উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শাহাবুদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আর্মষ্টং সরদার, পৌর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ গোলাম রসুল মান্দার, উপজেলা ছাত্রদলের সভাপতি স ম রাকিবুজ্জামান পাপ্পু, সাধারণ সম্পাদক সরদার তরিকুল ইসলাম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী ইমরান শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও পথসভায় বক্তারা সোহেল ও শাহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।























