স্বচ্ছতা ও জবাবদিহিতায় অনন্য উদাহরণ
কৈখালীতে সাধারণ মানুষের আস্থায় পাউবো’র এসও মাসুদ রানা
- আপডেট সময় : ০৮:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ১৪ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী কৈখালী ইউনিয়নের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চলমান উন্নয়নমূলক কাজে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে স্থানীয় সাধারণ মানুষের মনে গভীর আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা। সরকারি প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির চিরচেনা চিত্র বদলে দিয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এলাকায় প্রশংসায় ভাসছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৈখালী বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণ/সংস্কার ও নদী ভাঙন রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্পের কাজ চলছে। উপকূলীয় এই অঞ্চলের মানুষের জন্য এই কাজ অত্যন্ত সংবেদনশীল। অতীতে বিভিন্ন প্রকল্পের কাজে ধীরগতি বা অনিয়মের অভিযোগ থাকলেও, বর্তমান এই কাজে কোনো ধরনের অনিয়ম প্রশ্রয় দিচ্ছেন না প্রকৌশলী মাসুদ রানা।
সরেজমিনে এলাকা পরিদর্শনে গিয়ে এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, কাজের শুরু থেকেই এসও মাসুদ রানা নিয়মিত প্রকল্প এলাকায় উপস্থিত থেকে কাজের গুণগত মান তদারকি করছেন। সিডিউল অনুযায়ী সঠিক সামগ্রী ব্যবহার এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে তিনি কঠোর ভূমিকা পালন করছেন। শুধু তাই নয়, কাজের প্রতিটি ধাপ সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে অবহিত করে কাজে শতভাগ জবাবদিহিতা বজায় রাখছেন।
কৈখালী এলাকার একাধিক বাসিন্দা জানান, আগে আমরা দেখতাম ঠিকাদাররা নিজেদের মতো কাজ করে চলে যেত, কাজের মান নিয়ে কথা বলার কেউ ছিল না। কিন্তু এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। পানি উন্নয়ন বোর্ডের এসও মাসুদ রানা স্যার নিজে দাঁড়িয়ে থেকে বালু, মাটি বা পাথরের গুণগত মান পরীক্ষা করছেন। কোনো কমতি দেখলেই তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন। তার এই সততা ও কর্মনিষ্ঠা আমাদের মনে পানি উন্নয়ন বোর্ডের প্রতি হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে এনেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা বলেন, সরকার উপকূলীয় এলাকার মানুষের সুরক্ষার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। সরকারি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং টেকসই কাজ উপহার দেওয়া আমাদের দায়িত্ব। কৈখালী বিজিবি ক্যাম্প সংলগ্ন এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শুধু আমার ওপর অর্পিত দায়িত্ব সততার সাথে পালন করার চেষ্টা করছি। স্থানীয় মানুষ যদি কাজে সন্তুষ্ট থাকেন এবং কাজের গুণগত মান বজায় থাকে, সেটাই আমার সবচেয়ে বড় সার্থকতা।
এলাকাবাসীর দাবি, মাসুদ রানার মতো সৎ ও কর্মঠ কর্মকর্তা যদি প্রতিটি সরকারি প্রকল্পে দায়িত্ব পালন করেন, তবে দেশের প্রতিটি উন্নয়নমূলক কাজ টেকসই হবে এবং সরকারের উন্নয়ন এজেন্ডা শতভাগ সফল হবে।

























