বেনাপোলে দুই পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন মেয়রপ্রার্থী ইমদাদ
- আপডেট সময় : ১১:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ৬ বার পঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোলে দুটি পূজামণ্ডপ পরিদর্শন করে আয়োজক কমিটিকে মোট ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব এবং বেনাপোল পৌরসভার মেয়রপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে বেনাপোল পৌরসভার ঐতিহ্যবাহী পাটবাড়ি ও কাগজপুকুর সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় প্রতিটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ১০ হাজার টাকা করে সহায়তার চেক তুলে দেন।
পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ইমদাদুল হক ইমদাদ। তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের অধিকার সমান। পারস্পরিক সম্প্রীতি ও শান্তি বজায় রেখে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে। দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে উদযাপিত হোক, এটাই আমার প্রত্যাশা।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পাশে অতীতেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক সহিদ আলী, নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেরামত আলী, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সহসভাপতি তবিবুর রহমান তবি, কাগজপুকুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব আলীসহ পৌর বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা।























