খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি
- আপডেট সময় : ১২:৩৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৫৮ বার পঠিত

সন্ত্রাস, নৈরাজ্য ও ফ্যাসিবাদী আচরণের প্রতিবাদে খুলনার খালিশপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২২ নভেম্বর) ভোর থেকে খালিশপুর থানা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে থানার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও দেখা যায়।
বিশেষ করে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব কাজী শামীম ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টোর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
এ সময় অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু বলেন, আওয়ামী লীগের দোসর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা রাস্তায় নেমে কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছেন। জনগণের পাশে থেকে ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই খালিশপুর থানার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।
দলীয় সূত্রে জানানো হয়েছে, ২২ নভেম্বর ভোর থেকে শুরু হওয়া এ অবস্থান কর্মসূচি পরবর্তী সময়েও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।























