গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ১০:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ১৩ বার পঠিত

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলন, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে তাঁর সংসদ সদস্য পদ অবিলম্বে বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় শ্যামনগর প্রেসক্লাব চত্বরে ‘সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে বক্তারা এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ এবং সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যে তাঁকে দল থেকে বহিষ্কার করেছে। তাই দলীয় বহিষ্কারের পাশাপাশি তাঁর সংসদ সদস্য পদও বাতিলের উদ্যোগ নেওয়া উচিত বলে তারা দাবি করেন।
আলেমদের পক্ষে বক্তব্য দেন মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম। তিনি বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগে শ্যামনগরসহ দেশের আলেম-ওলামা ও সাধারণ মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে জাতীয় সংসদের স্পিকারের প্রতি প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য দেন মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ লাবিব হাসান নাহিদ এবং হাফেজ মনিরুল ইসলামসহ স্থানীয় আলেম-ওলামারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযোগের বিষয়ে দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

























