দুর্বৃত্তের হামলায় নিহত কৃষক দল নেতা, আহত বিএনপি নেতা
- আপডেট সময় : ০১:৫৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ৮২ বার পঠিত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল (৪০)কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে থাকা ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল (৪২) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত প্রায় ১০টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত বাদল মোড়ল উপজেলার আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে এবং বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি। আহত আব্দুল্লাহ মোড়ল একই গ্রামের নুরুল ইসলাম মোড়লের ছেলে ও বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল ব্যবসায়িক কাজে বারুইপাড়া এলাকা থেকে ফকিরহাট সদরের উদ্দেশ্যে রওনা হন। পথে নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা বাদল মোড়লের গলা কেটে হত্যা করে এবং আব্দুল্লাহ মোড়লকে গুরুতর জখম করে। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুল্লাহ মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


























