নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ১৬ বার পঠিত

ক্রীড়াকে পেশা ও জীবিকার অন্যতম মাধ্যম হিসেবে গড়ে তোলা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ (সিজন-২)’। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে খুলনা জেলা স্টেডিয়ামে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিশু-কিশোর, শিক্ষার্থী, অভিভাবক, ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।
এর আগে বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান। এ সময় তিনি মাঠ প্রদক্ষিণ করে গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোর ও ক্রীড়াবিদদের অভিবাদনের জবাব দেন। পাশাপাশি তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে পেয়ে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দের সৃষ্টি হয়। তাদের করতালি ও উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে স্টেডিয়ামের পরিবেশ।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরকে ঘিরে শিশু-কিশোরদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্রীড়াকে কেবল বিনোদন বা অবসর কাটানোর মাধ্যম হিসেবে নয়, বরং পেশা ও সম্মানজনক জীবিকা অর্জনের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেও এ আয়োজনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে ছোটবেলা থেকেই শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং ভবিষ্যতের দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে তৃণমূল পর্যায় থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির পথ আরও সুগম হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসন ঘিরে শিশু-কিশোরদের প্রত্যাশা এখন নতুন উচ্চতায়। প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়রা ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এমন প্রত্যাশা আয়োজকদের।




















