বেনাপোল ইমিগ্রেশনে গ্রেপ্তার যুবলীগ নেতা হিমাংশু পাল
- আপডেট সময় : ০৪:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ১১ বার পঠিত

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় স্টপ লিস্টে নাম থাকায় হিমাংশু পাল নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে উপস্থিত হন হিমাংশু পাল। এ সময় তার পাসপোর্ট ও অন্যান্য তথ্য যাচাই করতে গিয়ে স্টপ লিস্টে নাম পাওয়া যায়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
আটক হিমাংশু পাল বাগেরহাট সদর থানার হাড়িখালী গ্রামের অমলেন্দু পালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, হিমাংশু পালের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় ১৭ জুলাই ২০২৬ তারিখে দায়ের করা ২০ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, স্টপ লিস্টে নাম থাকায় হিমাংশু পালকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
























