যশোরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন
- আপডেট সময় : ০৫:৫৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ২৩ বার পঠিত

নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যশোরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
অনুষ্ঠানে খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে ডিজিটাল মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান, দৈনিক লোকসমাজ পত্রিকার সম্পাদক শান্তনু ইসলাম সুমিত এবং যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, শিশু-কিশোর, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং স্লোগান ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও অংশগ্রহণ বাড়বে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং ক্রীড়াকে সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠার নতুন সুযোগ সৃষ্টি হবে।




















