নৈরাজ্যের প্রতিবাদে এমএম কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৪:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৪৭ বার পঠিত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বৃষ্টি উপেক্ষা করে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। এসব অপতৎপরতা প্রতিরোধে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে।
বক্তারা বলেন, দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা সোচ্চার থাকবেন। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




















