
যশোরের সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামে পেট্রোল ঢেলে বসতঘরে আগুন ধরিয়ে বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার ১৮ দিন পর মঙ্গলবার ভুক্তভোগী গৃহবধূ রিনি বেগম ছয়জনকে আসামি করে মামলাটি করেন।
পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১৫ মে রাতে সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের মৃত সুনু বেপারির বাড়িতে এ ঘটনা ঘটে। মামলার আসামিরা হলেন একই গ্রামের সিরাজুল ইসলাম, তার তিন ছেলে মিন্টু, ইকবাল হোসেন ও ইলিয়াস হোসেন ডাবলু, ঘোপেরডাঙ্গা গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাসুদ এবং জহুরুল ইসলামের ছেলে অনু।
মামলার বাদী রিনি বেগম অভিযোগ করেন, সিরাজুল ইসলাম ও তার ছেলেরা দীর্ঘদিন ধরে তার বসতভিটা বিক্রির জন্য চাপ দিয়ে আসছিলেন। তবে পরিবারের একমাত্র আশ্রয়স্থল হওয়ায় তিনি বাড়ি বিক্রি করতে অস্বীকৃতি জানান। এরপর থেকে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন রাত ৮টার দিকে আসামিরা পেট্রোলভর্তি প্লাস্টিকের পাত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা গালিগালাজ ও মারধরের চেষ্টা চালালে পরিবারের সদস্যরা প্রাণভয়ে সেখান থেকে সরে যান। পরে আসামিরা বসতঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পুরো ঘরটি দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। এতে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায় বলে অভিযোগে বলা হয়েছে।
ঘটনার খবর পেয়ে বুসন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোফাজ্জেল ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে পরবর্তীতে আইনগত প্রতিকার না পাওয়ায় ভুক্তভোগী আদালতের দ্বারস্থ হন। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য কোতোয়ালি থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।




















