প্রেসক্লাব যশোরের নির্বাচন: ১৫ পদে ২৭ মনোনয়নপত্র বিক্রি
- আপডেট সময় : ১০:২৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৫ বার পঠিত

প্রেসক্লাব যশোরের আসন্ন নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মোট ২৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করায় এ দুটি পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি করা হয়। নির্বাচন পরিচালনার জন্য গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ফকির শওকত ও জাহিদ হাসান টুকুন। সহসভাপতি পদে আনোয়ারুল কবির নান্টু, সাইফুল ইসলাম সজল ও সরোয়ার হোসেন মনোনয়নপত্র নিয়েছেন। সাধারণ সম্পাদক পদে নুর ইসলাম, ওহাবুজ্জামান ঝন্টু ও জুয়েল মৃধা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যুগ্ম সম্পাদক পদে মনোনয়নপত্র নিয়েছেন কাজী আশরাফুল আজাদ, সরোয়ার হোসেন, এম আইউব ও ফিরোজ গাজী।
এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফুর রহমান সাইফ ও দেওয়ান মোর্শেদ আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহীদ মনি এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ফলে এ দুটি পদে আর কোনো প্রার্থী না থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
সদস্যের ছয়টি পদের বিপরীতে ১১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন— শেখ আব্দুল্লাহ হোসাইন, তৌহিদ জামান, শহিদ জয়, মীর মঈন হোসেন মুসা, রফিকুল ইসলাম, এসএম সোহেল, আব্দুল ওয়াহাব মুকুল, জুয়েল মৃধা, সফিক সাইদ, মুর্শিদুল আজিম হিরু ও গালিব হাসান পিল্টু।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল জানান, রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে। এরপর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৬টার মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর নির্বাচনের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

























