বাঘারপাড়ায় বিএনপির এক অংশের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৪:২৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ৩০ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মিসেস তানিয়া রহমান।
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার মেহেদী হাসান ও হাবিবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহম্মেদ এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি লাভলুর রহমান।
আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন নেতারা। এ সময় বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।












