বেনাপোল সীমান্তে মাদকসহ চোরাচালানি পণ্য জব্দ
- আপডেট সময় : ০৭:২২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ২৬ বার পঠিত

যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২০ জুলাই) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, অভিযানে ১৭ বোতল বিদেশি মদ, ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ, ১৫টি শাড়ি, ১ কেজি জিরা, ৬০ কেজি ফুসকা, ১ দশমিক ৫ কেজি কিসমিস, ১৪৪টি আতর, ২৪০টি চকলেট এবং ২৩৬টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

























