শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ লক্ষ্মীপুরের যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ১১ বার পঠিত

যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেন রাজীব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে উপজেলার যাদবপুর ডকেরবাগান এলাকায় আনছার ক্যাম্পের পেছনে সবুজ মণ্ডলের বাড়ির পূর্ব পাশে ইটের সলিং রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার এসআই শেখ মোঃ জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রাজীবের হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার রাজীব লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া বাজার এলাকার আব্দুল হাইয়ের ছেলে। তিনি বর্তমানে শার্শার দক্ষিণ বুরুজ বাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও তিনি জানান।
























