মাদক উদ্ধারে বিশেষ অবদানে পুরস্কৃত শার্শা থানার আশীষ সরকার
- আপডেট সময় : ০৯:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ৭৬ বার পঠিত

মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছেন যশোরের শার্শা থানার সেকেন্ড অফিসার আশীষ সরকার।
গত সোমবার (২৪ আগস্ট) সকালে যশোর জেলা পুলিশের জুলাই-২০২৬ মাসের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী শার্শা উপজেলায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে পুলিশ। এসব অভিযানে মাদক উদ্ধার, মাদক কারবারিদের গ্রেপ্তার এবং অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছেন থানার কর্মকর্তারা। দায়িত্বশীলতা ও মাদক উদ্ধারে সক্রিয় ভূমিকার কারণে আশীষ সরকারকে বিশেষভাবে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, বিভিন্ন সার্কেলের কর্মকর্তা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হকও উপস্থিত ছিলেন।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে আশীষ সরকার বলেন, পুরস্কারটি পেয়ে আমি খুবই আনন্দিত ও অনুপ্রাণিত। এ স্বীকৃতি আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে মাদক ও চোরাচালান প্রতিরোধসহ অপরাধ নিয়ন্ত্রণে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই।
তিনি বলেন, ভালো কাজের এই স্বীকৃতি তাঁকে আরও উৎসাহিত করবে। পুলিশের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন এবং সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয় বাসিন্দারা বলেন, সীমান্তবর্তী শার্শায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে পুলিশের কার্যকর উদ্যোগ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের ভালো কাজের স্বীকৃতি তাঁদের আরও উৎসাহিত করবে। জেলা পুলিশের এ পুরস্কার শার্শায় মাদকবিরোধী কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তাঁরা আশা করেন।

























