
মুক্তেশ্বরী নদীর মাঝখানে অবস্থিত আদ্-দ্বীন সখিনা হাসপাতালসহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলদারদের শাস্তি এবং উজানে ভৈরব নদের সঙ্গে মুক্তেশ্বরী নদীর সংযোগ পুনঃস্থাপনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ‘মুক্তেশ্বরী নদী বাঁচাও আন্দোলন, যশোর’।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৭ জুন দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া আগামী ১৫ জুন বিকাল ৫টায় মুক্তেশ্বরী পাড় পুলেরহাট থেকে ভৈরব পাড় দড়াটানা ভৈরব চত্বর পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার বিকাল ৫টায় যশোর শহরের নীল রতনধর সড়কে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অনিল বিশ্বাস এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রাশেদ খান।
সভায় বক্তারা বলেন, মুক্তেশ্বরী নদীকে দখল ও দূষণমুক্ত করে তার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা জরুরি। নদীর অস্তিত্ব রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নদীর সঙ্গে ভৈরব নদের সংযোগ পুনঃস্থাপনের দাবি জানান তারা।
সভায় বক্তব্য দেন হারুন-অর-রশিদ, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, তসলিম-উর-রহমান, জিলুর রহমান ভিটু, আবু হাসান, আহসান উল্লাহ ময়না, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, রিয়াদ রহমান, পলাশ বিশ্বাস, শরিফ আহমেদ বাপ্পি, মুস্তাফিজুর রহমান কবির ও উজ্জ্বল বিশ্বাস।
বক্তারা চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়ার মোনসাতলায় মুক্তেশ্বরী নদী ও জিয়া খাল দখলমুক্ত করে খনন কাজ শুরু করায় জেলা প্রশাসন, বিল হরিণা রক্ষা কমিটি এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিল হরিণা রক্ষা কমিটির আহ্বায়ক রাকিবুল ইসলাম নয়ন। তিনি আন্দোলনের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং নদী রক্ষার আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।



















