
যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩ জুন) দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
এ উপলক্ষে যশোরের ওয়াপদা মোড় এলাকায় বিএনপি নেতা গোলাম রেজা দুলুর উদ্যোগে স্মরণসভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। একই দিন বাদ জোহর যশোর পৌরসভার শ্রমিক দলের উদ্যোগে পৌর মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৃথক এসব কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু এবং শহিদুল বারী রবু।
এছাড়া সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট মো. ইসহক, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল ও সিরাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।



















