
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (৫ জুন) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হোসেন এবং উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত।
আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাব পাইকগাছা ও পরিবেশবাদী সংগঠন বনবিবি’র সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, ফ্রেন্ডশিপের সমরেশ্বর সিনহা, ড্রপের শফিকুল আলম, নবলোকের কাজী ফারহানা আফরোজ, বারসিকের দীপ্তি রানী এবং সুশীলনের বিপ্লব কুমার মণ্ডল।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে ব্যাপক বৃক্ষরোপণ, বনাঞ্চল সংরক্ষণ এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, পরিবেশকর্মী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ ধরনের কর্মসূচি পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং টেকসই পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।























