
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের মোবারককাঠি গ্রামে রাবেয়া খাতুন (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন মোবারককাঠি গ্রামের আয়ুব আলীর মেয়ে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে রাবেয়া নিজ বাড়ির শয়নকক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















