
শিক্ষকতা ও সাংবাদিকতা পেশার মধ্যে সমন্বয় সাধন এবং শিক্ষিত মানুষের গণমাধ্যমে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’-এর জেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আমার দেশ পত্রিকার ইলিয়াস উদ্দীনকে আহ্বায়ক এবং বাংলাদেশ সময় ও ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর এস এম সোহেলকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় যশোর প্রাচ্যসংঘ হলরুমে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, শিক্ষকতা ও সাংবাদিকতা উভয়ই সমাজের গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পেশা। শিক্ষকেরা সমাজের সচেতন ও শিক্ষিত প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় যুক্ত হলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আরও শক্তিশালী হবে এবং গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। এই উপলব্ধি থেকেই যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’-এর যাত্রা শুরু হলো।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে মনিরামপুরের মজনুর রহমান, চৌগাছার অধ্যক্ষ আবু জাফর, সদরের গোলাম মোস্তফা মুন্না, ঝিকরগাছার আশরাফুজ্জামান বাবু, শার্শার মামুন হোসেন, বাঘারপাড়ার প্রদীপ বিশ্বাস এবং কেশবপুরের নুরুল ইসলাম খানকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়।
এছাড়া ফারুক আহমেদ লিটন, নুরুল হক, বাবুল আক্তার, আব্দুর রহিম, নয়ন মনি ও রুহুল আমিনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শিক্ষক ও সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, সংগঠনটি ভবিষ্যতে শিক্ষক-সাংবাদিকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে জ্ঞানভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতা বিকাশে ভূমিকা রাখবে।




















