যশোর-নড়াইল মহাসড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৮:১৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ৩২ বার পঠিত

যশোর-নড়াইল মহাসড়কের দাঁতপুর এলাকায় একটি ইটভাটার পাশ থেকে অচেতন অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবককে উদ্ধার করা হয়েছে। পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার (২ আগস্ট) এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দাঁতপুর এলাকার একটি ইটভাটার পাশে অচেতন অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখে তারা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরনে ‘জাগরণী চক্র ফাউন্ডেশন’ লেখা একটি গেঞ্জি থাকায় স্থানীয়দের ধারণা, তিনি ঝিকরগাছা এলাকার বাসিন্দা হতে পারেন। যদিও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
তবে, যদি কেউ ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারেন বা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে যশোর কোতোয়ালি মডেল থানা অথবা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

























