যাত্রাপালা ও সার্কাসের ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার: সংস্কৃতিমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ১৯ বার পঠিত

দেশের ঐতিহ্যবাহী পরিবেশনাশিল্প যাত্রাপালা ও সার্কাসের হারানো ঐতিহ্য ও জনপ্রিয়তা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে সরকার। একই সঙ্গে এসব শিল্পের সঙ্গে জড়িত শিল্পী, কলাকুশলী, উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা এবং কর্মসংস্থানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘পরিবেশনাধর্মী শিল্প: সার্কাস ও যাত্রাপালা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একসময় গ্রামবাংলার মানুষের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম ছিল যাত্রাপালা ও সার্কাস। দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসায়িক উদ্যোগে গড়ে উঠত যাত্রাদল। কিন্তু সময়ের পরিবর্তন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার এবং বিনোদনের নতুন নতুন মাধ্যমের কারণে এসব শিল্পের জনপ্রিয়তা কমেছে। পাশাপাশি যাত্রাপালার কিছু পরিবেশনায় অরুচিকর উপস্থাপনা ও নৃত্যের সংযোজন পারিবারিক পরিবেশে এ শিল্প উপভোগের সুযোগ সংকুচিত করেছে।
তিনি বলেন, যাত্রাপালা ও সার্কাসের ঐতিহ্য ফিরিয়ে আনতে জীবনঘনিষ্ঠ, সংগ্রামমুখর, সমাজসচেতনতামূলক ও মানসম্মত পরিবেশনা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিল্পী, উদ্যোক্তা ও আয়োজকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বলেন, যাত্রাপালা ও সার্কাসের মতো ঐতিহ্যবাহী পরিবেশনাশিল্প পুনরুজ্জীবিত করতে সরকার সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেবে। আগামী ডিসেম্বর মাসে দেশের সব জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব উৎসবে ইতিবাচক ও সৃজনশীলভাবে অংশগ্রহণের জন্য যাত্রা ও সার্কাস দলের প্রতিনিধিদের আগামী পাঁচ দিনের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাবনা জমা দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, সবার জন্য সুস্থ ও মানসম্মত বিনোদন নিশ্চিত করতে সরকার কাজ করছে। যাত্রাপালা ও সার্কাস আয়োজনের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা নিরসনে সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে ফোকাল পয়েন্ট করে বিশেষ সেল গঠনের প্রস্তাব দেন তিনি। এতে অনুমতি-সংক্রান্ত জটিলতা দেখা দিলে সংশ্লিষ্টরা সরাসরি যোগাযোগ করতে পারবেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম বলেন, যাত্রাপালা ও সার্কাসকে সময়োপযোগী করে গড়ে তুলতে হবে। রুচিশীল, সৃজনশীল ও কাহিনিনির্ভর পরিবেশনা নিশ্চিত করতে হবে, যাতে পরিবারের সব বয়সী মানুষ একসঙ্গে এসব আয়োজন উপভোগ করতে পারেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন অর রশিদের সঞ্চালনায় কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শাহমান মৈলান।
কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চলের ৩৫টি খ্যাতনামা যাত্রাদল ও ১২টি সার্কাস দলের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তাঁরা নিজেদের অভিজ্ঞতা, সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।
কর্মশালাটি দেশের ঐতিহ্যবাহী যাত্রাপালা ও সার্কাস শিল্পের সংকট চিহ্নিতকরণ, সম্ভাবনা অনুসন্ধান এবং টেকসই বিকাশে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।





















